নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (৩০ আগস্ট, ২০২৬), রাত ১০টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে। আটক সিরাজুল ইসলাম রিপন শার্শা উপজেলার বাগআঁচড়া পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে এবং বর্তমানে নাভারন বুরুজবাগান এলাকায় ভাড়া থাকেন।
রবিবার রাত ৮টার পর কোতোয়ালি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয় এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “ইয়াবার এই চালানের সঙ্গে আরও কারা জড়িত এবং এর উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।”