উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১১টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর গ্রামের ওসমান ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। ঘটনার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যান তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ছেলে রেজাউল ইসলাম জানান, বাবার কিছুক্ষণ পর তিনিও মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তিনি প্রথমে চিনতে পারেননি। পরে কাছে গিয়ে দেখেন সেটি তাঁরই বাবা।
সড়ক নিরাপত্তা ও স্থানীয়দের অভিযোগ
স্থানীয়রা জানান, যশোর-নড়াইল মহাসড়কের ধলগ্রাম রাস্তা থেকে ভাঙ্গুড়া বাজার পর্যন্ত অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল থাকা এবং যানবাহনের অতিরিক্ত গতির কারণে এ ঝুঁকি বাড়ছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে এ সড়কে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষকতা ও সমাজসেবায় অবদান
শাহাদাত হোসেন কর্মজীবনে টঙ্গীর হারবাইদ মাধ্যমিক বিদ্যালয় ও ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি এলাকায় ‘অগ্রদূত সমবায় সমিতি’ গড়ে তোলেন এবং স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
একজন শিক্ষক ও সমাজকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুর রহমানসহ স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।