মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় রাজউকের মালিকানাধীন হাজির মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পরিচালিত এই অভিযানে বস্তির সব অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে এক্সকাভেটর ও পে-লোডার ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এই বস্তিটি মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত ছিল।
স্থানীয়রা জানান, অপরাধচক্রের কবলে থাকা এই এলাকায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। প্রশাসনের এই আকস্মিক অভিযানে অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘদিন পর মাদকের স্পটটি বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে আসে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে অভিযানটি সম্পন্ন হয়।
রাজউক ও পুলিশ প্রশাসন জানায়, উদ্ধারকৃত এই সরকারি জমিতে পুনরায় যাতে কোনো ধরনের অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি বজায় রাখা হবে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করে।