কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটির কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে ডাকাতি সংগঠনের অপরাধে আহাম্মেদ সফি (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙামাটির কোতয়ালী থানাধীন ৬ নম্বর বালুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদার পাহাড় এলাকার বাসিন্দা। এছাড়া ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মুহাম্মদ ইউসুফ আলী (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় বসবাস করছিলেন।
মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারি ও তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শাহাবুদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) ও মোঃ খোকন খান (২৫)। অন্যদিকে মাদক সেবনের অপরাধে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)-কে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।