মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬, সকাল ১০টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় টিউশনি করতে যাওয়ার পথে নজরুল ইসলাম (৩৫) নামে এক স্কুলশিক্ষককে গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
আহত নজরুল ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গণির ছেলে এবং ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি টিউশনি করাতে যাওয়ার পথে শহীদ মেজর নাজমুল হক সড়কে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতের ভাই নাজিম উদ্দিন জানান, ছুরিকাঘাতে তার ভাইয়ের শরীরের ৫ স্থানে গুরুতর জখম হয়েছে। ঘটনার খবর শুনে তাদের মা অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”