কামরুল ইসলাম / রাঙামাটি প্রতিনিধি
রবিবার (৬ সেপ্টেম্বর), রাত ৮টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করেছে রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পর সাইবার ক্রাইম মনিটরিং সেল সেগুলোর অবস্থান শনাক্তের উদ্যোগ নেয়। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে অভিযান ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করা হয়।
হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো হস্তান্তরের সময় মালিকদের মধ্যে স্বস্তি দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা পুলিশ জানায়, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হচ্ছে। জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে এবং মোবাইল ফোন উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।