মো. কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (৭ সেপ্টেম্বর), রাত ৮টা ৫৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এসব সাঁজোয়া যান রাঙামাটিতে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের তথ্যমতে, আগামী ১৫ দিন রাঙামাটির বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণ শেষে প্রায় দুই সপ্তাহ পর এপিসিগুলো ঢাকায় ফিরে যাবে। এসব যান রাঙামাটিতে স্থায়ীভাবে মোতায়েন করা হয়নি এবং কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলা বা অতিরিক্ত নিরাপত্তার উদ্দেশ্যেও এগুলো আনা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই জেলার বিভিন্ন স্থানে এপিসিগুলো চলাচল করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিওকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়টি পুলিশের নজরে এসেছে।
এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, সঠিক তথ্য যাচাই না করে কোনো ধরনের বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা গুজবনির্ভর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কোনো তথ্য নিয়ে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।