উপজেলা প্রতিনিধি, শার্শা
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ৩৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারতে অবৈধভাবে অবস্থানকালে আটক নড়াইলের দুই তরুণীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুই তরুণী হলেন নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের লাবনী বিশ্বাস (১৮) ও মনি বিশ্বাস (১৯)। তারা ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যান এবং বেঙ্গালুরুর বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। ওই বছরের ২৭ আগস্ট বেঙ্গালুরু পুলিশ তাদের আটক করে ভারতের বালাকিরা বালামন্দির গার্লস হোমে পাঠায়। সেখানে প্রায় দুই বছর থাকার পর গত ৬ সেপ্টেম্বর তারা মুক্তি পান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, “ভালো কাজের আশায় দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে ওই দুই তরুণী আইনি জটিলতায় পড়েন। বিভিন্ন প্রক্রিয়া শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, “দেশে ফেরত আসা দুই তরুণীকে প্রথমে শেল্টার হোমে রাখা হবে। পরে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে অনেক বাংলাদেশি নাগরিক নানা ধরনের হয়রানি, প্রতারণা ও আইনি জটিলতার শিকার হন। তাই দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।