সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ৪৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নরসিংদীর রায়পুরা থানা পুলিশের তালিকাভুক্ত দুই আসামি হান্নান ও নুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের হান্নান এবং মির্জাচর ইউনিয়নের নুরুল ইসলাম। তারা দুজনই স্থানীয় থানা পুলিশের তালিকাভুক্ত অপরাধী হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর বলেন, ‘রায়পুরা থানা পুলিশের তালিকাভুক্ত এই দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।