মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর), রাত ৭টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় বয়স্ক ভাতার কার্ড ও গানের শিক্ষক সনদ দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই দফায় ৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডা. সুজন নাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রদীপ শীল।
অভিযোগকারী প্রদীপ শীল জানান, প্রায় ৪ বছর আগে তাঁর মায়ের নামে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে অভিযুক্ত সুজন নাথ তাঁর কাছ থেকে ২ হাজার টাকা নেন। পরবর্তীতে তাঁর মেয়েকে সরকারি ব্যবস্থাপনায় গানের শিক্ষক সনদ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে আরও ৫ হাজার টাকা নেন তিনি।
টাকা নেওয়ার দীর্ঘ সময় পার হলেও ভাতার কার্ড বা সনদ—কোনোটিই পাননি ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে চলেন এবং টাকা ফেরত চাইলে প্রদীপ শীলকে হুমকি-ধমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রদীপ শীল বলেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে ন্যায়বিচারের আশায় আমি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ বলেন, “অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে উত্থাপিত এসব বিষয়ে অভিযুক্ত সুজন নাথের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।