জেলা প্রতিনিধি
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল যন্ত্রাংশ, কসমেটিক্স ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সদর ও কলারোয়া উপজেলার কুশখালি, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ৭৭৮ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার চৌরঙ্গী এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একই সময়ে কাঁকডাঙ্গা বিওপির দল কলারোয়ার ভাদিয়ালি থেকে ভারতীয় মদ এবং মাদরা বিওপির দল বারেকের মোড় এলাকা থেকে কসমেটিক্স, জিরা ও কাজুবাদাম উদ্ধার করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।”