মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
সোমবার (১৪ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর গরু গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে তোতা মিয়া (৪০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সমাজ-সহিলদেও এলাকায় এ ঘটনা ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে তোতা মিয়ার একটি গরু প্রতিবেশী রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রবি মিয়া ক্ষিপ্ত হয়ে তোতা মিয়ার একটি পেঁপেগাছ কেটে ফেলেন। এ ঘটনার জের ধরে পুনরায় ঝগড়া শুরু হলে রবি মিয়া ধান বহনের কাজে ব্যবহৃত সুচালো বাঁশ দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, রবি মিয়া বাঁশের সুচালো অংশ দিয়ে তোতা মিয়ার মাথায় ও শরীরে আঘাত করেন। মাটিতে পড়ে গেলে তিনি ওই বাঁশ দিয়ে তোতা মিয়ার বুকে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত তোতা মিয়াকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ময়মনসিংহে ময়নাতদন্ত শেষে সোমবার নিহতের মরদেহ বাড়িতে আনা হবে। দাফন সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে।