BSTI Press Release
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১টা ৪০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীর পবা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদনের দায়ে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই পণ্য উৎপাদন ও লেবেলে অবৈধ মনোগ্রাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, কাটাখালী সমসাদীপুরে অবস্থিত আলিফ ট্রেডার্স বেকারি কোনো প্রকার মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অত্যাবশ্যকীয় তথ্য না থাকা এবং অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।