জেলা সংবাদদাতা, নোয়াখালী
বুধবার (১৬ সেপ্টেম্বর), দুপুর ১২টা ১৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ‘সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি’ দেওয়ার ঘোষণা সম্বলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ব্যবহার করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। সোমবার রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়।
পোস্টারগুলোতে লেখা হয়েছে, ‘আসন্ন ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেবো।’ এছাড়া বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড এবং স্কুল-কলেজের সামনে মাদক সরবরাহের মতো আপত্তিকর প্রতিশ্রুতিও সেখানে উল্লেখ করা হয়েছে।
পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ‘পাঁচ দিন আগে আমার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমিরের ছেলে চড় মারে। আমি এর প্রতিবাদ করায় এবং মামলা করার প্রস্তুতি নেওয়ায় একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
স্থানীয়রা বলছেন, মাদক নির্মূলের পরিবর্তে এমন পোস্টার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফসল হিসেবেও দেখছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টারের ছবি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনাটির সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’