মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বুধবার (১৬ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১২টা ২৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনার ফরিদপুরে অটোভ্যান চালক কিশোর সাকিব আল হাসানকে (১৩) হত্যার ঘটনায় মূল আসামি মো. শাহিন আলম ইমনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার এবং ভ্যান ক্রেতা মো. মুক্তার হোসেনকে (৪৫) আটক করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ফরিদপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকালে রতনপুর গ্রামের মো. হারিজ উদ্দীনের ছেলে সাকিব অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। বিকেলে ডেমরা ইউনিয়নের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের মাঝামাঝি বড়াল নদীর কিনারে তার মরদেহ পাওয়া যায়। সাকিবের বাবা বাদী হয়ে ফরিদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়। পরে ১৪ সেপ্টেম্বর দুপুরে দিঘুলিয়া বাজার থেকে শাহিন আলম ইমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজারের একটি ভাঙ্গাড়ির দোকান থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহিন আলম ইমনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হলেও সে বর্তমানে ফরিদপুরের দিঘুলিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতো। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা মূল্যের অটোভ্যান, হত্যার কাজে ব্যবহৃত দুই ফুট লম্বা একটি কাঠের বাটাম এবং ভ্যান বিক্রির ৯ হাজার টাকা।
আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।