শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর হোসেন (২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ২৩ জুলাই রাতে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ঠাকুরপাড়া বাজারে আজিবর রহমানকে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন শরীফ হোসেন ও তার দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট আজিবর রহমান মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যান। দীর্ঘ এক মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কুড়িগ্রাম থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, “ব্যবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”