উপজেলা প্রতিনিধি / বাউফল
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১২টা ২৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পটুয়াখালীর বাউফলে গোবিন্দ চন্দ্র মণ্ডল নামের এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং অভিযুক্ত নেতাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকায় জমি কেনাবেচার পাশাপাশি এলাকায় গবাদিপশু, হাঁস-মুরগির খামার ও মাছের ঘেরের ব্যবসা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৭ সেকেন্ডের অডিও রেকর্ডে ফরিদ উদ্দিন গাজীকে বলতে শোনা যায়, ‘আমার একটা শখ জাগছে, আমি একটা জ্যাতা নমো পুড়মু, আপনারে বাইছা নিছি, এ ক্ষেত্রে আপনার মন্তব্য কী?’ কথোপকথনের এক পর্যায়ে তিনি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
ফরিদ গাজী ব্যবসায়ীকে বলেন, ‘আপনার সুবিধার জন্য আমার ফোনালাপ রেকর্ড কইরা রাখলে এইটাও রেকর্ড কইরা রাখেন। আপনার মন্তব্য কী এ ক্ষেত্রে?’ জবাবে ব্যবসায়ী বলেন, ‘আমার মন্তব্য কী থাকবে, আপনার মনে খুশি ধরছে, আপনি করেন।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ফরিদ গাজীকে চেক প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডলের অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, উপজেলা বিএনপির নেতাদের তদন্ত করে ফরিদ গাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠাতে বলা হয়েছে। সুপারিশ পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জেলা বিএনপি। উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ জানান, জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।