অভয়নগর (যশোর) প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, বিকেল ৪টা ৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের পর রত্না বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অপারেশনের পর শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি দফারফা হয়েছে বলে জানা গেছে।
নিহত রত্না বেগম বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। নিহতের স্বজন রুহুল আমিন জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে রত্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তাঁর অপারেশন শেষ হয়। অপারেশনের পর রত্নার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং একপর্যায়ে তাঁর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও তাঁরা কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্বজনদের।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তাঁরা চিকিৎসককে অবরুদ্ধ করেন। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, অ্যানেসথেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ ছাড়াই অনভিজ্ঞ ব্যক্তি দিয়ে ওই ক্লিনিকে অপারেশন করানো হতো। এ ধরনের অনিয়মের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি।
অভিযানে অপারেশন থিয়েটার সিলগালা
ঘটনাটি জানাজানি হলে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব হাসপাতালটিতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অপারেশন থিয়েটারে বিভিন্ন অনিয়ম পাওয়ার পর সেটি সিলগালা করে দেওয়া হয়।
অপারেশনকারী চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ বলেন, অপারেশন শেষে তিনি হাসপাতাল থেকে চলে যান। রোগীর রক্তচাপ কিছুটা বেড়েছিল। তাঁর ধারণা, স্ট্রোকজনিত কারণেও রোগীর মৃত্যু হতে পারে।