মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর), সকাল ১১টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ, চুরি-ডাকাতি ও আসন্ন ক্রীড়া আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদন বিন আখন্দ। এতে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সাংবাদিকরা জনদুর্ভোগ, সড়ক দখল করে বাজার বসানো, রাস্তার পাশে ময়লার ভাগাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সাম্প্রতিক চুরি-ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। এসব সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও মো. বায়েজীদন বিন আখন্দ বলেন, “স্থানীয় পর্যায়ে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা লোহাগাড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম এবং লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার মৌমিক উপস্থিত ছিলেন। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।