আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
বুধবার (২৩ সেপ্টেম্বর), বিকেল ৪টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাত দালালকে আটক করেছে এসআরবি-৫। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
নওগাঁর মান্দা উপজেলা থেকে আসা আবুল হোসেন জানান, গ্রামের মানুষ হওয়ায় তারা হাসপাতালের দালালদের চিনতে পারেন না। ভালো পোশাক পরা দালালরা হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অনেক সময় ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়।
এসআরবি-৫ এর মেজর কবির বলেন, একটি চক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে টেস্টের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের অনেক রোগী রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এই সুযোগে একটি দালাল চক্র রোগীদের প্রতারিত করে অর্থ আত্মসাৎ করছে। দণ্ডবিধি অনুযায়ী আটক সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করা হবে।