মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতার অংশ হিসেবে প্রধান সড়কে মোটরসাইকেল প্রদক্ষিণ বা শোডাউন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোতে লোহাগাড়া থানা পুলিশের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছেন স্থানীয়রা। এর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ মাঠপর্যায়ে তৎপর রয়েছে। বুধবারের মোটরসাইকেল শোডাউনকে পুলিশের সেই তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভাতেও লোহাগাড়ার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।