নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো নির্বাচন আয়োজন করা হবে না।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসিল নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা আপনাদের জানানো হতে পারে।’
তিনি আরও বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে পাবলিক পরীক্ষাসমূহ রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে কমিশন চিন্তাভাবনা করছে।’
নির্বাচন কমিশনার জানান, আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার একটি সময়সীমা নিয়ে তারা কাজ করছেন। মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হলে ইউনিয়ন পরিষদের সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে গেলেও প্রতিটি ধাপে ভোটার ও কেন্দ্রের সংখ্যা অনেক বেশি হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা আশা রাখি, পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারব।’