জেলা প্রতিনিধি, পাবনা
রবিবার (২৭ সেপ্টেম্বর), রাত ৮টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়। রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অবৈধভাবে মজুত থাকা ২৫১ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এ কথা জানান।