নিউজ ডেস্ক
রবিবার (২৭ সেপ্টেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারত ও নেপালে টানা ভারী বৃষ্টি ও ঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন এবং দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ভারতের উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশে গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৭.৬ মিলিমিটার। অতিরিক্ত বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ভারতে ৪৬ জন আহত হয়েছেন এবং এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকর্মীরা পানিবন্দি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নেপালের ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। দেশটির বড় নদী ও শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় অর্ধেকের বেশি জেলা উচ্চঝুঁকিতে রয়েছে। মানাং, মুস্তাং, মিয়াগদি ও বাগলুং জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া বন্যার কারণে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
নেপালের উত্তরাঞ্চলীয় মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্প তুষারধসে চাপা পড়েছে। সেখানে কাজ করা ১০ জন স্থানীয় শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানায়, সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রে পরিস্থিতি ‘গুরুতর’ অবস্থায় রয়েছে। গঙ্গা, গণ্ডক, কোসি, বাগমতী ও নর্মদাসহ কয়েকটি বড় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।