নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ৩টা ৫৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের কেশবপুর শহরের গমপট্টি এলাকায় ভেজাল শিশুখাদ্য বিক্রি ও মজুতের অভিযোগে ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে শিশুখাদ্য বিক্রি ও মজুতের বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকানের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় পুলিশ প্রশাসনের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শিশুদের খাদ্যপণ্য নিয়ে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কেশবপুরের বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।