খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৯ নং চাপরতলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হুকুম আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নং ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে — মোঃ ফারুক মিয়া, মোঃ তাউস মিয়া, মোঃ সাফকুল মিয়া ও মোঃ শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় বিভিন্নভাবে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলে বাধা ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য মোঃ হুকুম আলী তার আবেদনে বলেন, “উক্ত রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা অত্যন্ত জরুরি।”
তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন। আবেদনের সাথে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর ও বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।