বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে লগ তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে গাছ ছাঁটাইয়ের কাজ চলে। স্থানীয় চারজন শ্রমিক এ কাজে নিয়োজিত ছিলেন। এ সময় ১৬টি মেহগনি গাছের বড় বড় ডাল কেটে লগ তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থী বিকে বিল্লাহ, টগর হোসেন, শুভ দাস, সোহান হোসেন ও রায়হান হোসেন। মানববন্ধনে শিক্ষার্থীরা গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছে। তবে শনিবার ডাল ছাঁটাইয়ের নামে এসব গাছের মোটা ডাল কেটে ফেলা হয়েছে। এতে গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে গাছের মোটা ডাল কেটে লগ তৈরি করা হয়েছে। এসব লগ বিক্রি করে একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছেন।
এদিকে, ঘটনার তদন্তে ইউএনও ভূপালী সরকার তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন ফরেস্টার সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। কমিটিকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, “বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত
কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”