নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), সকাল ৯টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে দিল্লির একটি নিরাপদ বাসভবনে রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে তার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, যেহেতু তিনি ৫ আগস্ট একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই একইভাবে ফেরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। তবে নিরাপত্তার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে আগামী ১৬ ডিসেম্বর। এই দিনটিকে সামনে রেখেই তিনি দেশে ফেরার ঘোষণা দিলেন।