নিউজ ডেস্ক
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬), রাত ৮টা ৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামে টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত জুন মাসে পদ্মা নদীর তলদেশের বৈদ্যুতিক কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
পদ্মার তলদেশ দিয়ে নেওয়া চার কিলোমিটার দীর্ঘ কেবলটি বিচ্ছিন্ন হওয়ায় ইউনিয়নের প্রায় দেড় হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তার ছিঁড়ে প্রায় ১৫ মাস বিদ্যুৎহীন থাকতে হয়েছিল স্থানীয়দের। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, ফ্যানসহ ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি ও শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘বিদ্যুৎ সুবিধা পেয়ে চরের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এসেছিল, কিন্তু বারবার তার বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগ বেড়েছে। টিভি-ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় আমরা রোহিঙ্গাদের চেয়েও অবহেলিত।’
চরের একজন গৃহিণী শোভা বলেন, ‘বিদ্যুৎ না থাকায় গরমে ছেলেমেয়েরা ঘুমাতে পারে না। বিকল্প হিসেবে সোলার প্যানেল ব্যবহার করলেও তা দিয়ে ফ্রিজ বা মোটর চালানো সম্ভব নয়।’
বিদ্যুৎ সংকটের কারণে স্থানীয় ক্ষুদ্র ব্যবসা ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গাছতলায় পাঠদান করতে বাধ্য হচ্ছেন। অভিভাবকরা জানান, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ সংযোগের স্থায়ী সমাধান ও কর্তৃপক্ষের ভূমিকা
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তারা জানান, নদীর প্রবল স্রোতের কারণে ডুবুরি দিয়ে মেরামত করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন কেবল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর লক্ষ্য নিয়ে টেন্ডার প্রক্রিয়া চলছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (মেইনটেন্যান্স) সবুজ মোল্লা বলেন, ‘অবৈধ বালু উত্তোলন কিংবা নদীর স্রোতের কারণে কেবল ছিঁড়ে থাকতে পারে। আমরা নতুন কেবল স্থাপনের প্রস্তুতি নিচ্ছি।’
ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, ‘জনসেবামূলক কাজে লাভ-ক্ষতির হিসাব করা অনুচিত। মাসের পর মাস বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা চরম গাফিলতি এবং এটি অপরাধের পর্যায়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে আরও সজাগ হওয়া প্রয়োজন।’ সূত্র-বিবিসি