বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ আজ (২৫ জুলাই ২০২৫) সিলেটের জালালাবাদ সেনানিবাসের প্যারা কমান্ডো ব্রিগেডে শুরু হয়েছে। এই ছয় দিনের মহড়াটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল, মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। এই অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা রয়েছে। এই সহযোগিতার অংশ হিসেবে, যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে টাইগার লাইটনিং ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এবারের মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালক, সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তর, পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড উপস্থিত ছিলেন।
আশা করা হচ্ছে, এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।