প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোংলায় পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কোস্টগার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় চারা রোপণ করা হচ্ছে।
এনরুট ফাউন্ডেশনের আয়োজনে ও কোস্টগার্ডের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
কোস্টগার্ড জানায়, উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণের ফলে মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাতেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।
মোংলা ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কোস্টগার্ড।