মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (৩০ আগস্ট), সন্ধ্যা ৭টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি প্রতিবেশীর উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী বদিউল আলম (৫০) শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনার বিষয়ে জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়েছে কি না এবং অভিযুক্তকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে অভিযুক্ত বদিউল আলমের বক্তব্যও পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে লোহাগাড়া থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।