অভয়নগর (যশোর) প্রতিনিধি
বুধবার (২ সেপ্টেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মায়ের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং স্ত্রীর বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে। নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে।
নিহতের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে যান এবং রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বামীর মরদেহ ঝুলতে দেখেন তিনি।
আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, পরিবারের নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে থানায় আনা হয়েছে।