ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বুধবার (২ সেপ্টেম্বর), সন্ধ্যা ৬টা ২৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা মেট্রো গ-২২-১২৩৮ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের কাজল মিয়ার ছেলে সজিব মিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলমগীরের বিরুদ্ধে এর আগে দুটি এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।