দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে প্রতিবেশী নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
নিহত নাঈম চৌকিদার পশ্চিম রাজৈর গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাসির হাওলাদারের খালি পড়ে থাকা নির্মাণাধীন ভবনের বেলকনিতে নাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে তীব্র মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এর আগে পাবনা মানসিক হাসপাতালেও তাঁর চিকিৎসা করানো হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ স্পষ্ট হবে। তবে অন্য এক ব্যক্তির বাড়ির বেলকনিতে মরদেহ পাওয়া যাওয়ায় বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।