প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শনিবার (৫ সেপ্টেম্বর), রাত ৮টা ১৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে ৫-৬ জনের একটি সশস্ত্র দল রেণুপোনা ব্যবসায়ী মাহাবুব মল্লিকের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বোমা নিক্ষেপ করলে পরিবারের তিন সদস্য আহত হন।
ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, ভোর পৌনে ৪টার দিকে ডাকাত দল বাড়ির লোহার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেনের কিছু অংশ এবং তার বোনের কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেয় তারা।
পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ডাকাতরা রাস্তায় এবং একটি বাড়িতে পরপর দুটি বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় মাহাবুব মল্লিক (৩৯), তার মা রিজিয়া বেগম (৭০) ও বোন রেহেনা মল্লিক (৪৩) আহত হন। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”