শাকিল হোসেন / কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিবর রহমান (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ আগস্ট গাজীপুরের কেপেজি হাসপাতালে ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন।
নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে। গত ২৩ জুলাই রাতে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারগিস আক্তার, আন্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর, শাহলম হোসেন, আনোয়ার হোসেন ও সেলিম রানাসহ স্থানীয় ব্যক্তিরা। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।