নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (৬ সেপ্টেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন নিমতলা এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় সোনিয়া (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। শনিবার রাতে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত সোনিয়া যশোরের শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দা। স্বজনরা জানান, দুর্ঘটনার সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এতে তার গর্ভে থাকা অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, যশোর-বেনাপোল মহাসড়কে একটি দ্রুতগামী পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকে থাকা সোনিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে নিহতের মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পরিবহন ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও দায়ী পরিবহন শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।