কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
রবিবার (৬ সেপ্টেম্বর), দুপুর ২টা ৩৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সীমাবদ্ধতা ও জনবল সংকটের মধ্যেও রাঙামাটি জেনারেল হাসপাতালে (আরজিএইচ) চিকিৎসাসেবা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ১০০ শয্যার জনবল কাঠামো দিয়ে ২৫০ শয্যার সেবা পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, যার ধারাবাহিকতায় হাসপাতালটির অন্তর্বিভাগে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১০০ শয্যার জনবল কাঠামো দিয়েই ২৫০ শয্যার কার্যক্রম চলছে। ফলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিনিয়ত বাড়তি চাপ সামলাতে হচ্ছে। জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী আসায় সীমিত জনবল নিয়ে সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ২৪০ জনে পৌঁছানো প্রমাণ করে হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। পাহাড়ের মানুষের জন্য এটি চিকিৎসাসেবার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। তবে সেবার মান ধরে রাখতে দ্রুত জনবল কাঠামো ২৫০ শয্যায় উন্নীত করা জরুরি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।