জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), রাত ৮টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুর মহানগরীর গাছা থানার বালিয়ারা এলাকায় ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিন ভাই নুরুল ইসলাম, আমিনুল ইসলাম ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে। জমির মালিক মো. রমজান আলীর দাবি, গত পাঁচ-ছয় বছর ধরে জমিটি দখলে রেখে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী রমজান আলী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গাছা থানাধীন বালিয়ারা মৌজার ডেংগারচালা এলাকায় রমজান আলীর ২.২৫ শতাংশ জমি রয়েছে। জমি কেনার পর থেকেই নুরুল ইসলাম ও তাঁর দুই ভাই জমিটি নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন। সীমানা নির্ধারণ বা নির্মাণকাজের উদ্যোগ নিলেই অভিযুক্তরা তাঁকে বাধা দেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।
রমজান আলী বলেন, “আমরা বৈধভাবে জমি কিনেছি। দীর্ঘদিন ধরে জমিটি বুঝে পাওয়ার চেষ্টা করছি। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি, থানায়ও গিয়েছি। কিন্তু এখনো জমির দখল পাইনি।”
ভুক্তভোগী রমজান আলীর অভিযোগ, অভিযুক্ত নুরুল ইসলাম মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের একজন আহ্বায়ক সদস্য। তাঁর প্রভাব ও ইন্ধনে বাকি দুই ভাই আমিনুল ও জাহিদুল তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি।
গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে জমিতে সীমানা নির্ধারণ ও নির্মাণকাজের উদ্যোগ নিলে অভিযুক্তরা তাঁকে মারধরের হুমকি দেন। এ ঘটনায় রমজান আলী পুলিশের সহায়তা চেয়েছেন। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হলেও তাঁরা তা করেননি বলে অভিযোগ রয়েছে।
আইনি পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের প্রকৃত বিষয় নির্ধারণে সংশ্লিষ্ট দলিল ও খতিয়ান যাচাই করা প্রয়োজন। পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
অভিযোগের বিষয়ে জানতে নুরুল ইসলাম, আমিনুল ইসলাম ও জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।