জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আকলিমা তাঁর আরেক মেয়ে সিদরাতুলকেও (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন এবং পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল তাঁর বাবার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের কাছে বড় হয়। শিশুটি নাসিমাকে ‘বড় মা’ এবং জন্মদাত্রী মা আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত। এই ঘটনাকে কেন্দ্র করেই আকলিমা ক্ষুব্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রাতে আকলিমা তাঁর ছেলে আশরাফুল ও মেয়ে সিদরাতুলকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদরাতুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর স্থানীয়রা আকলিমাকে বেঁধে রাখেন এবং বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
শিশুটির বাবা শাহিন মিয়া বলেন, “প্রায় ৩০ বছর পর আল্লাহ আমাকে একটি পুত্রসন্তান দান করেছিলেন। সেই সন্তানকে আমার দ্বিতীয় স্ত্রী এভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’