জেলা প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর), ২০২৬ | বেলা ১১টা ৩২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় বাবা সরাফত আলীকে (৩৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময়ে সরাফত আলী তার তিন সন্তানকে বিষ খাওয়ান এবং নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করেন। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, “খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পাই। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।”
পুলিশ জানায়, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সরাফত আলী চিকিৎসাধীন থাকায় তার সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।