জেলা সংবাদদাতা
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬), রাত ৯টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরের সালথায় স্থানীয় এক সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা দেখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত ওই সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যানকে সমর্থকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, ভবিষ্যতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আমি দেখব।’ এই বক্তব্য প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, ‘আমি এ ধরনের কোনো বক্তব্য দিইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। আমি চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতাম, কিন্তু তা না করে পুলিশের সহায়তা নিচ্ছি। এলাকা শান্ত রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করছি।’
বিষয়টি সম্পর্কে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’