প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (২১ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু শ্রদ্ধা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় শ্রদ্ধা বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”