সংবাদদাতা, বিরামপুর
২০ অক্টোবর ২০২৬, বিকেল ৩টা ৪৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাপ খেলা দেখানোর প্রস্তুতিকালে বিষধর সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘ ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা দেখানো ও ওঝার কাজ করা লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে সাপ খেলা দেখানোর উদ্দেশ্যে কাঠের বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এ সময় বাক্সে থাকা একটি বিষধর ‘মাছাওলি’ সাপ তার হাতে কামড় দেয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সাপের কামড়ে গুরুতর আহত হওয়ার পর লোগেন হাসদাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
দীর্ঘ তিন দশক ধরে সাপ নিয়ে খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন করা এবং ওঝা হিসেবে পরিচিত লোগেন হাসদার এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।