অভয়নগর প্রতিনিধি
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ৩টা ২৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, চুরির সময় বৃদ্ধা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করে মালামাল লুট করা হয়েছে।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর থেকে তার মা বাড়িতে একাই থাকতেন। সোমবার তার খালা অন্য বাড়িতে বেড়াতে যাওয়ায় রাতে মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে খাটের ওপর লাশ পড়ে থাকতে দেখেন।
পান্না বেগম বলেন, “সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা আমার মাকে খুন করে সব লুটে নিয়েছে।”
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে চুরির চেষ্টা করলে বৃদ্ধা তাদের চিনে ফেলেন। এর জের ধরেই তাকে গলা কেটে হত্যা করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।