নিউজ ডেস্ক
মঙ্গলবার (২০ অক্টোবর) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মুসলিম তরুণদের নিজেদের রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) উত্তর প্রদেশের রামপুরে এক জনসভায় তিনি বলেন, মুসলিমরা আর অন্যদের নেতা তৈরিতে ভূমিকা রাখতে চায় না, বরং নিজেদের মধ্য থেকেই নেতৃত্ব গড়ে তুলতে চায়। এ সময় তিনি নেহেরু-গান্ধী ও যাদব পরিবারের রাজনৈতিক নেতৃত্বের তীব্র সমালোচনা করেন।
ওয়াইসি বলেন, ‘আমরা আর কোনো নেহেরু, গান্ধী বা যাদবকে আমাদের নেতা বানাব না। আমাদের সারিতে দাঁড়িয়ে থাকা তরুণ-তরুণীরাই নেতা হবে।’ তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক দলগুলো মুসলিমদের কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের নিজস্ব নেতৃত্ব গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ দেয়নি।
প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করা এআইএমআইএম-এর লক্ষ্য বলে জানান ওয়াইসি। তিনি বলেন, ‘মুসলিমরা আর অন্যের সভার কার্পেট পাততে চায় না। আমরা নিজেদের প্রাপ্য অধিকার ও রাজনৈতিক ভাগ নিয়ে কথা বলতে চাই।’
জনসভায় সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের সমালোচনা করে ওয়াইসি বলেন, প্রজন্মের পর প্রজন্ম মুসলিমরা এসপিকে সমর্থন দিলেও শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। আজমগড়ের শিবলি কলেজ কেন এখনো বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়নি, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ওয়াইসি আরও বলেন, ‘মুসলিমদের মধ্য থেকেও নেতা, বিধায়ক ও সংসদ সদস্য তৈরি হওয়া প্রয়োজন। আবদুল নেতা হবে, বিধায়ক হবে, সংসদ সদস্য হবে।’
ওয়াইসির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের নেতারা। সমাজবাদী পার্টির মুখপাত্র আব্বাস হায়দার বলেন, ওয়াইসি বিভাজনমূলক রাজনৈতিক কর্মসূচি অনুসরণ করছেন। তিনি দাবি করেন, অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত ও সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করছে।