সংবাদদাতা, খুলনা
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা নগরীর মিস্ত্রিপাড়া এলাকার আনসার উদ্দিন লেন থেকে মো. তুষার (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি কালো রঙের আর-১৫ মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।