নিজস্ব প্রতিবেদক
বুধবার (২১ অক্টোবর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে নতুন করে বিনির্মাণ এবং দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
তারেক রহমান বলেন, “বিএনপি বিরোধী দলে থাকার সময় গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলেছে। এখন দায়িত্বে থাকার কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান কর্তব্য। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমাদের আন্তরিক হতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণ কী চায় এবং কোন সমস্যাগুলো তাদের জীবনকে প্রভাবিত করছে তা বুঝতে হবে। জনগণের কথা শুনে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং অপরাধ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”
দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাঁদের ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
স্থানীয় নির্বাচন ও সাংগঠনিক ঐক্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, “স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। দলের ভেতরে মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”