নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২০ অক্টোবর), বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান। পানির প্রবাহ নিশ্চিত করতে এবং কৃষিখাতের উন্নয়নে সরকার এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজশাহীতে পদ্মা নদী আছে। আমরা দেখেছি কীভাবে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের দুটি বড় নদী তিস্তা ও পদ্মায় আমরা ব্যারাজ তৈরি করব। যাতে করে পানির সমস্যা দূর করা সম্ভব হয়।’
পানির হিস্যা আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘পানির সমস্যা যারা তৈরি করেছে তাদের সঙ্গে আমরা কথা বলব। দরকার হলে বাংলাদেশের মানুষের পানির হিস্যা আদায় করার জন্য যতদূর যেতে হয় আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা এই পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজ শুরু করব এবং শেষও করব।’
কৃষকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার প্রায় ৪ হাজার আখচাষিকে প্রণোদনা দিয়েছে। বিএনপি সরকার গঠনের পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি রক্ষা করেছে। ১৩ লাখ কৃষক এই সুবিধার আওতায় এসেছেন বলে তিনি জানান।
নদী ও খাল খনন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সমগ্র দেশে আমরা আবার খাল খনন এবং নদী সংস্কার কর্মসূচি শুরু করেছি। আগামী ৫ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। এর মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার খালের খনন কাজ গত আট মাসে সম্পন্ন হয়েছে।’